রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪ নম্বরের বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন। এটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে বাসটি টার্মিনালে রেখে দেওয়া হয়েছিল। রাত ১টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের কেউ কেউ বাসটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এসবের কোনোটিই এখন পর্যন্ত নিশ্চিত নয়।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।