‘মাদককে না বলুন, ক্রীড়াকে আঁকড়ে ধরুন’—এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের পাটুরিয়া গ্রামের তরুণদের হাতে ফুটবল তুলে দেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ আশিক।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফরিদ আহমেদ আশিক বলেন, বহরপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসার বিরুদ্ধে কোনো ধরনের আপস না করে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে পারে।

ফরিদ আহমেদ আশিক আরও বলেন, বহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগ অব্যাহত রাখা হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।