পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র, অপতৎপরতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঈশ্বরদী রেলগেট বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি শুরু হয়। জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় আয়োজিত মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলটি ঈশ্বরদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের এক নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাঠে থাকার কথা জানান তারা।
মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্যসচিব বৃষ্ট কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার এবং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান।
এ ছাড়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক ইমাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পাবনা জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক মতিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





