রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্মাণ শ্রমিকদের নিয়ে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে একই পেশার শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে ইসলামপুর ও বহরপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

নক-আউট পদ্ধতিতে আয়োজিত টুর্ণামেন্টে নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)দের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো—হেলাল ফুটবল একাদশ, রবিউল ফুটবল একাদশ, সুমন ও কাকন ফুটবল একাদশ, মাসুদ ফুটবল একাদশ, দেলোয়ার ফুটবল একাদশ ও নাসির ফুটবল একাদশ।
সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ শেষে বিকেল ৪টায় ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় মাসুদ ফুটবল একাদশ ও রবিউল ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরে ট্রাইবেকারে ১-০ গোলে মাসুদ ফুটবল একাদশকে পরাজিত করে রবিউল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন রেফারি নাজমুল হাসান। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল ইসলাম ও মিঠুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী মনছুর খান, ইজাজুল হক মুনা, কাজী পনির, সিরাজুর রহমান ঝন্টু, শাহিদুল ইসলাম মাস্টারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
টুর্ণামেন্টে স্পন্সর হিসেবে সহযোগিতা করে আকিজ গ্রুপ, আবুল খায়ের স্টিল ও ওয়ান স্টারের রাজবাড়ী অঞ্চলের পরিবেশক এবং বহরপুর বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আরাফাত ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ হারুনও আয়োজনে সহযোগিতা করেন।
আয়োজক সংগঠনের সভাপতি হুসাইন মন্ডল বলেন, নির্মাণ শ্রমিকরা সারাবছর কঠোর পরিশ্রম করে মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও বিনোদনের সুযোগ সীমিত। শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক বাচ্চু শেখ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই পেশার শ্রমিকদের মধ্যে সম্প্রীতি বাড়াতে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাণ শ্রমিকদের পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেও নিয়মিত এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
স্পন্সর ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ হারুন বলেন, নির্মাণ শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের শ্রম ও ঘামের ওপর এলাকার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ অনেকাংশে নির্ভরশীল। শ্রমিকদের বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে তিনি আনন্দিত।
খেলা দেখতে সকাল থেকেই মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। দিনব্যাপী টুর্ণামেন্টকে ঘিরে বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





