সিলেটের গোয়াইনঘাটে ইজারা-বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি বোমা ড্রেজার ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

1000124781.jpg

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরগণা বাজার ব্রিজসংলগ্ন এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ইজারা-বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে থাকা অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আটটি বোমা ড্রেজার ভেঙে ধ্বংস করা হয়। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। প্রশাসনের এমন অভিযানে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

1000124779.jpg

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন বলেন, ইজারা-বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। সরকারি প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।