নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে মাদকসংক্রান্ত অভিযোগে আটক মা-ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিনজনকে সংশ্লিষ্ট মামলায় জেলা কারাগার ও আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জিআর-০৭/২২ (রেলওয়ে, রাজশাহী) মামলার আসামি মো. বাবু ভূইয়া (৪২), জিআর-১০৬/২৬ (গুরুদাসপুর) মামলার আসামি মো. রজন ইসলাম (২০), জিআর-৪১/২৬ মামলার আসামি মো. শান্ত ইসলাম (২২) এবং মাদকসংক্রান্ত মামলার আসামি মো. সম্রাট হোসেন (২১) ও মোছা. তানিয়া আক্তার সূর্য্য (৪৫)কে আটক করা হয়।
আটক বাবু ভূইয়া উপজেলার বৃকাশো গ্রামের মৃত ফরিদ ভূইয়ার ছেলে। রজন ইসলাম যোগেন্দ্রনগর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। শান্ত ইসলাম ও সম্রাট হোসেন একই গ্রামের মো. শহিদুল ইসলাম ওরফে ভুম্বুর ছেলে। তানিয়া আক্তার সূর্য্য শহিদুল ইসলাম ওরফে ভুম্বুর স্ত্রী।
পুলিশের দাবি, মাদক ব্যবসার অভিযোগে সম্রাট হোসেন ও তাঁর মা তানিয়া আক্তার সূর্য্যকে যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে এমসি নং-১৬৩/২৬ ও এমসি নং-১৬৪/২৬ মামলা করা হয়েছে।
অন্যদিকে, বাবু ভূইয়ার বিরুদ্ধে জিআর-০৭/২২ (রেলওয়ে, রাজশাহী), রজন ইসলামের বিরুদ্ধে জিআর-১০৬/২৬ (গুরুদাসপুর) এবং শান্ত ইসলামের বিরুদ্ধে জিআর-৪১/২৬ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক পাঁচজনের মধ্যে দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিনজনকে সংশ্লিষ্ট মামলায় পুলিশ স্কটের মাধ্যমে জেলা কারাগার ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





