হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসায় যাওয়ার পর থেকে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক শিশুশিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছে না। ১০ দিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার পরিবারের সদস্যরা।

মীম উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদ্রাসায় গিয়েছিল মীম। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে ফিরলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে স্বজনেরা মাদ্রাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ দেখতে পান। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন এলাকায় তার সন্ধান চালানো।

ঘটনার পর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে। মীমের সন্ধানের দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছেন।

নিখোঁজের ১০ দিন পার হলেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্বজনদের দাবি, মীমকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান আরও জোরদার করা প্রয়োজন।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, মীম নিখোঁজের ঘটনায় জিডি পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।