ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ বছর বয়সী চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি এফসিপিএস মিডটার্ম পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি যুক্তরাজ্যের এমআরসিপি পরীক্ষার পার্ট ওয়ানও পাস করেন তিনি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, অসুস্থ হওয়ার আগের দিনও হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়েছেন আঁচল। পরদিন তাঁর ডেঙ্গু ইউনিটে দায়িত্ব পালনের কথা ছিল। প্রায় পাঁচ দিন জ্বরে ভোগার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তাঁর ডেঙ্গু শক সিনড্রোম, ল্যাকটিক অ্যাসিডোসিস, গুরুতর লিভার জটিলতা এবং একাধিক অঙ্গের কার্যকারিতা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। শনিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আঁচল ৪২তম বিসিএসে যোগ দেওয়ার পর উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেন। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। তাঁর মূল দায়িত্ব ছিল নিউরোলজি বিভাগে; পরে শ্বাসতন্ত্র চিকিৎসা বিভাগেও তাঁকে সংযুক্ত করা হয়। কর্মরত অবস্থায় তিনি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবাও দিয়েছেন।

আঁচলের স্বামী বিপ্লব দাস জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (নিপোর্ট) কর্মরত। তাঁদের বিয়ের বয়স ছিল প্রায় ১৭ মাস। রোববার বিকেলে রাজধানীর রাজারবাগ কালীমন্দিরের শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সূত্র: সিলেটটুডে২৪ / স্বজন ও চিকিৎসকদের বক্তব্য।