সিলেট সদর উপজেলার শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজার এলাকায় ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী সরকারি সড়ক বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের (ডিসি) কাছে দেওয়া লিখিত আবেদনে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় মেম্বার সমুজ আলী ‘উত্তর মোকামেরগুল শাহ-সুন্দর (রহ.) রোডের’ ব্রিজসংলগ্ন স্থানে বাঁশের বেড়া দিয়ে সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেন। ফলে দীর্ঘদিন ধরে সর্বসাধারণের ব্যবহৃত সড়কটি দিয়ে স্বাভাবিক যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, সড়কটি পীরের বাজার এলাকার তামাবিল প্রধান সড়ক থেকে শুরু হয়ে উত্তর মোকামেরগুল ও ছড়াগাং চা বাগান হয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সড়কটি ব্যবহৃত হয়ে আসছে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে আবেদনকারীদের দাবি।
আবেদনে আরও বলা হয়, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই সড়কটি অবরুদ্ধ করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে সমুজ আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। খাদিম রিজার্ভ ফরেস্ট থেকে রাতের আঁধারে সরকারি গাছ কাটার অভিযোগ রয়েছে। পরে এসব গাছ পীরের বাজার এলাকায় অবস্থিত তার কথিত অবৈধ করাতকলে প্রক্রিয়াজাত করে ব্যবসা পরিচালনার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তির প্রভাবের কারণে তারা বিভিন্নভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কটি অবরুদ্ধের ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আবদুর রহিম, আবদুস সালাম ও করিম মিয়া সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে সরেজমিন তদন্তের মাধ্যমে সড়কটি অবরুদ্ধকারী বাঁশের বেড়া দ্রুত অপসারণ এবং সর্বসাধারণের চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।- প্রেসরিলিজ





