সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে জঙ্গল থেকে একটি পরিত্যক্ত বিদেশি একনলা বন্দুক ও থানার মালখানা থেকে লুট হওয়া ছয় রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিপিএসসি, সিলেট।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা রাইফেল কার্তুজ ও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি পাওয়া যায়।

তবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। উদ্ধার করা গোলাবারুদের মধ্যে চার রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড গুলি গত ৫ আগস্ট জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদের অংশ বলে জানিয়েছে এসআরবি-৯।

বাহিনীটির তথ্য অনুযায়ী, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ থাকার বিষয়ে আগে থেকেই তথ্য রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে ওই চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআরবি-৯ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি এবং চোরাচালান চক্রের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। একই সঙ্গে ৫ আগস্ট থানার মালখানা থেকে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।