রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কাজী এজাজ কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে কাজী এজাজ কায়সার বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপাধ্যক্ষ মোঃ ইউনুছ আলী, বিদ্যোৎসাহী সদস্য ও মাঝবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
আলোচনায় মাদ্রাসার শিক্ষার সংখ্যাগত ও গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে অংশ নেওয়া অভিভাবকরা মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সার্বিক শিক্ষা পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম বলেন, মাদ্রাসাটিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সমাবেশের শেষপর্বে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে উদ্দীপনা পুরস্কার তুলে দেওয়া হয়।





